দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ায় আওয়ামী লীগ নেতারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। শামাল দিতে না পেরে দায় চাপাচ্ছে বিএনপির ঘাড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মসজিদের নগরী রাজধানী ঢাকা এখন ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিনাভোটের সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে বিপর্যপ্ত দেশ। শেয়ারবাজার, ব্যাংক, কয়লা, পাথর, পর্দা, বালিশ, টিন, বই, চা, চেয়ার, টেবিল-সবকিছুতেই দুর্নীতি গিজগিজ করছে।
‘হঠাৎ বিস্ময়কর অভিযানে আবিষ্কার হলো শত শত কোটি টাকা, ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবর। শত শত বছরের মসজিদের শহর ঢাকা এখন ক্যাসিনোর শহরে উন্নতি লাভ করেছে শেখ হাসিনার উন্নয়নের সরকারের বদৌলতে।’
তিনি বলেন, চারদিক ডুবে গেছে লুটপাট, খুন, ধর্ষণ, মদ, জুয়া, ক্যাসিনো, চাঁদাবাজি আর অনাচারে। ক্ষমতাসীন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হরিলুটে গোটা দেশ ফাঁপা ফোকলা হয়ে গেছে।
বিএনপির এ নেতা বলেন, ব্যাংকে টাকা না থাকায় এখন সরকারি, আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তহবিলে হাত দেয়া হয়েছে। এ অবস্থায় একটি ইতিবাচক আলোচনায় থাকতে দুর্নীতি-অনাচারের বিরুদ্ধে আকস্মিক অভিযান আইওয়াশ কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
‘কারণ লোক দেখানো এ অভিযানে অধরাই থেকে যাচ্ছেন মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা। আওয়ামী আমলে সমগ্র বাংলাদেশটাই ডন-গডফাদারদের কব্জায়।’
এএস





