দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহন না করে খালেদা জিয়া আম ও ছালা দুটোই হারিয়েছে। আর ২০১৯ সালের নির্বাচনে অংশ না নিলে তিনি আম, ছালা ও গাছ তিনটিই হারাবেন। তখন বিএনপি বাংলাদেশ মুসলিম লীগ হয়ে যাবে।
বুধবার সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না। জামায়াত নেতা নিজামী ও কামারুজ্জামানের রায়ে সন্তুষ্ট হয়ে দেশের মানুষ এই হরতাল প্রত্যাখান করছে।
বিএনপির প্রতি প্রশ্ন রেখে মায়া বলেন, আপনারা কোন বলে (শক্তি) মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কথা বলছেন। আপনারা তো বিরোধী দলে নেই। তাছাড়া জাতীয় সংসদে আপনাদের কোন প্রতিনিধিও নেই। আপনারা তো জঙ্গি ও দূস্কৃতিকারীদের দল। তাই আপনাদের সাথে কোন সংলাপ হতে পারে না।
২০১৯ সালের আগে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না মন্তব্য করে এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের জামায়াতের ডাকা আগামী দিনের হরতালেও জনগণের জানমাল রক্ষায় প্রতিটি ওয়ার্ডে পাহাড়া দেয়ার নির্দেশ দেন।
সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শাহিদুল ইসলাম মিলন প্রমুখ।
এমআর/এএইচ





