মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি, বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখি ও আনন্দময় জীবন যাপন করতে পারে।
শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে বেগম জিয়া দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বিএনপি চেয়ারপারসন বলেন, ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে লাখো মানুষের সমাগম ঘটে ঢাকার তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। মহান আল্লাহর নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।
অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন। তিনি দেশ বিদেশ থেকে আসা ইজতেমা ময়দানে লাখো লাখো মুসলমানরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় কাজ সম্পাদন করতে পারেন সেজন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
[b]২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএইচটি/এআর
[/b]