আগামী ২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট গণশুনানিসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্রিয়ারিং ও সমন্বয় কমিটির শীর্ষ নেতারা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামালা হোসেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরীসহ জোটের স্টিয়ারিং কমিটি সদস্যরা উপস্থিত থাকবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতাদের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ঐক্যফ্রন্টের ২৪ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় গণশুনানি নিয়ে আলোচনা হয়।





