বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন এই আওয়ামী লীগ নেতা। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ‘খালেদা জিয়ার অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার সফরের সময় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘আপনি এই সফরের মাঝে কোনো উসকানি দেবেন না।
এই সফরের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। আমাদের নেতাকর্মীরা সতর্ক দৃষ্টি রাখছে। আমাদের নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে আপনি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, কোনো অপচেষ্টা করেন।’
খালেদা জিয়া সরকারের কেউ না হওয়ার পরেও চট্টগ্রাম ও কক্সবাজার সার্কিট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকাকালে সার্কিট হাউসে থাকার অনুমতি না মেলায় তাঁকে আগ্রাবাদ হোটেলে থাকতে হয়েছিল। সে সময় ড. হাছান মাহমুদ শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরেও কেন সড়কপথে কক্সবাজার সফর করছেন সে প্রশ্নও রাখেন আওয়ামী লীগের এই নেতা। এ ছাড়া সফরের সময় ত্রাণ বিতরণের নামে যে কোনো বিশৃঙ্খলা বা উসকানিমূলক বক্তব্য সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের পরামর্শও দেন তিনি।
মানববন্ধনে উত্তর জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।
এএস





