আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘একের পর এক মানুষ নিহত হচ্ছে সড়কে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কাজ করেছি, প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। সড়ক দূর্ঘটনা রোধে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো বাস্তবায়ন করতে হবে।’

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, প্রশাসনকে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরকে বলা হয়েছে, এমনকি পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে। তাহলে কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না?

তিনি বলেন, এরা কারা? এসব ক্ষমতাধর ব্যক্তি কারা? তারা পরিবহন সেক্টরে, হয়তো শ্রমিক নেতা অথবা বাসমালিক অথবা প্রশাসনের লোক। কেন এগুলো বাস্তবায়ন হয় না? বাস্তবায়ন হবে না, একটা করে জীবন যাবে রাস্তায় আর সরকার দায়ী হবে? এটা কথা হলো? একটা জীবনের দাম কি ১০ লাখ টাকা? একটা জীবন কি অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাবে? যারা এ ব্যাপারে কাজ করে তারা সবাই দায়ী।

আওয়ামী লীগের এ নেতা বলেন, কিছু দায়িত্বহীন পথচারী আছেন, যারা ট্রাফিক আইন মানেন না। পুলিশ কমিশনার গতকাল বলেছেন, আমরা কঠোর হব। কঠোর হন নাই কেন এখনও? কবে আর কঠোর হবেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, বলেন? এ ধরনের কথা আমরা আর শুনতে চাই না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।