আগে বাজেট পেশ করা হোক, তারপর আমরা প্রয়োজনে রি-অ্যাকশন দেব।  চুলচেরা বিশ্লেষণ আমরা করবো। তবে আজকে যে সরকার বাজেট দিচ্ছে এই সরকার অবৈধ। এই সরকারের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার নাই। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত বিভিন্ন থানা কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বাজেট নামে এ সরকার জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে। ১০০ কোটি টাকার প্রজেক্টকে তারা ১০০০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বানিয়ে লুটপাট করছে। বাজেটে আকার দিয়ে কিছু বোঝা যায় না। বাজেটের আকার বাজেটের মান সম্বন্ধে কিছু বলে না। বাজেটের মান অত্যন্ত নিম্ন। 

তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রজেক্ট প্রথম শুরু হয়েছিল মাত্র সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে। সেই প্রজেক্ট আজ ৩৫ হাজার কোটি টাকায় পরিণত হয়েছে। আমরা বলেছি, এই প্রজেক্ট শেষ হতে হতে পদ্মা সেতুর বাজেট ৫০ হাজার কোটি টাকা হলেও আমরা অবাক হবো না। এতেই প্রমাণিত হয় যে বাজেটের কোয়ালিটি কী। 

তিনি বলেন, বাজেট ফুলে ফেঁপে বড় হয়েছে। এটা বাজেটের জন্য গৌরবময় কোনও বিষয় নয়। সাইজ দিয়ে কোনও বাজেটের কোয়ালিটি নির্ধারিত হয় না। আমি বলতে চাই, এই বাজেট জনগণকে শোষণ করছে। এই বাজেট একটি ভুয়া বাজেট। এই বাজেট দিয়ে কখনও বাংলাদেশের মানুষের কল্যাণ হবে না। 

এমআর