আগামী ৮ ফেব্রুয়ারি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার ১ বছর পূর্ণ হচ্ছে। ওই দিন দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘‘গণতন্ত্রের মা’, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।’’
আগামীকাল ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এবারের নির্বাচনের ফল ভোটের দিনই প্রত্যাখ্যান করেছে বিএনপি। আগামীকালের সংসদ অধিবেশনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলটি।
রুহুল কবির রিজভী জানান, আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।
এরপর বেগম জিয়ার কারাদণ্ড আরও ৫ বছর বৃদ্ধি করে হাইকোর্ট। রায়ের পর থেকেই একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।
তার কারাদণ্ডের বিরুদ্ধে গত বছর ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি।
এমবি





