নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেত্রী ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন। তার আন্দোলনে কোনো জনস্বার্থ নেই। তিনি মূলত তার দুর্নীতির মামলা ও যুদ্ধাপরাধীদের বাচাঁনোর চেষ্টা করছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ আয়োজিত ‘সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার অপচেষ্টার প্রতিবাদে' বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাহজাহান খান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যাসহ দেশের অধিকাংশ হত্যাকাণ্ডের নায়ক তারেক জিয়া।
জিয়া পরিবার হত্যার রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিল। জিয়ার মূত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসেই ১৮ জন নিরীহ শ্রমিক ও অবৈধভাবে শত শত আনসারকে হত্যা করেছিলেন। তার সূত্র ধরে তার ছেলে তারেক ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্ব দিয়ে হত্যাকাণ্ডের নায়কে পরিণত হয়েছেন।
তিনি বলেন, খালেদা এখন মানুষ নেই, দানবীতে পরিণত হয়েছেন। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে যেকোন মূল্যে এই দানবীকে প্রতিহত করার আহবান জানান তিনি।
জামায়াত সম্পর্কে শাজাহান খান বলেন, তাদেরকে নির্মূল করতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না। যেকোন মূল্যে এই জামায়াত-শিবিরকে সমূলে উৎখাত করতে হবে। তা না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না।
আয়োজক সংগঠনের সভাপতি আজহার আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি নূর মোহাম্মাদ হাওলাদার, আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইনসূর আলী, যুগ্ম সম্পাদক রেজাউল সর্দার প্রমুখ।
এমএ/ এআর





