জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে পুলিশ আটক করেনি। কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে পুলিশ জানে না।

মঙ্গলবাবর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের লোকজন বিষয়টি তদন্ত করে দেখছে। পরিবারের দাবি খতিয়ে দেখছে। মান্নার পরিবার যদি আইনগত সাহায্য চায় তবে আমরা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে তা করব। যে কোনো নাগরিকের আটক কিংবা মিসিং হওয়ার বিষয় আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি। তার বিষয়টিও তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরে আরও অনেক ইউনিটের লোকজন গ্রেফতার করতে পারে। তারাও নিয়েছে কিনা আমরা সে ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করবো।’

এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। রাজনৈতিক কারণেই তার স্বামীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার স্ত্রী মেহের নিগার জানান, গভীর রাতে রাজধানীর বনানীতে ভাতিজির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যায় তাকে। তবে আজ সকালে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, কোন পোশাকধারী পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেনি।

উল্লেখ্য রোববার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের বেশক`টি অনলাইন সংবাদ মাধ্যমে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথনের দু`টি অডিও প্রকাশ পায়।

এসব অডিও ক্লিপে বিএনপির চলমান আন্দোলনের গতিপ্রকৃতি, ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কথা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্দোলন এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন মান্না।

এএইচ