বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মানববন্ধন বা সভা-সেমিনার আর নয়। এই গণবিচ্ছিন্ন সরকার হটাতে দরকার গণআন্দোলন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। জাসাস কুমিল্লা উত্তর এ মানববন্ধনের আয়োজন করে।
দ্রুতবিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার বিরোধী মত সহ্য করতে পারে না। সরকার বিরোধী নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই এই মেয়াদ বাড়িয়েছে।’
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফসহ আটক নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বিরোধী নেতারা বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। দুর্নীতি, অনাচারে যুক্ত থাকলে যে কারো বিচার হতে পারে। তার জন্য প্রচলিত আইন আছে। কিন্তু দেশে এখন সরকারি দলের জন্য এক আইন, আর বিরোধী দলের জন্য অন্য আইন।’
আয়োজক সংগঠনের সভাপতি আরিফ মাহমুদের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাস কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, খন্দকার মোশাররফের ছেলে ড. মারুফ হোসেন এবং মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৪এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]