হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, জিএম কাদের জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান। নেতাকর্মীরা চাইলে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হতে চাই।
রাজধানীর বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দৈনিক পত্রিকার এক সাংবাদিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এই কথা বলেন সাবেক প্রেসিডেন্ট এরশাদের এক সময়ের সহধর্মিনী।
বিদিশা বলেন, জাতীয় পার্টি হচ্ছে আমার সন্তানের (এরিক এরশাদ) বাবার পার্টি। রংপুর তথা দেশের মানুষ বিশেষ করে নেতাকর্মীরা চাইলে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হতে চাই। উত্তরাধিকার সূত্রে কিন্তু পার্টির চেয়ারম্যান তার সন্তানর বা স্ত্রীরাই হবেন। ভাই কখনো উত্তরাধিকার হয় না।
তিনি আরও বলেন, আমাদের এই দক্ষিণ এশিয়াতে ভাইয়েরা কখনো (উত্তরাধিকার) হয় না। আর যিনি এখন হয়েছেন (জিএম কাদের) উনি তো অবৈধ চেয়ারম্যান। তার নামে কোর্টে রিট করা আছে। এটার এখনো ফয়সালা হয়নি। তবে, ফায়সালা হলে তাকে (চেয়ারম্যান হিসেবে) মেনে নেব।
সমঝোতার মাধ্যমে জিএম কাদের চেয়ারম্যান এবং রওশন এরশাদ প্রধান উপদেষ্টা হয়েছেন- তাহলে কেন এসব বলছেন।
এমন প্রশ্নের জবাবে এরশাদের সাবেক স্ত্রী বলেন, কোনো সমঝোতা নয়। উনিও (রওশন) একটা কমিটি দিয়েছিলেন। উনিও তো মেনে নেননি। উনি হয়তো শারীরিকভাবে একটু দুর্বল আছেন। অতটা সক্রিয় উনি না। শরীরটা হয়তো এখন খারাপ। ওনারটা উনিই বলবেন। বেসিক্যালি (মূলত) অবৈধ চেয়ারম্যানকে তো অবৈধই বলবো। বৈধ হলে বৈধ বলবো।
১৯৯৮ সালে একে-অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এরশাদ ও বিদিশা। তাদের ঘরে একমাত্র সন্তান এরিক এরশাদ। ২০০৫ সালে এরশাদ-বিদিশার ছাড়াছাড়ি হয়। মোবাইল চুরির একটি মামলায় জেলে যেতে হয় বিদিশাকে। জাতীয় পার্টি প্রেসিডিয়ামের পদ থেকেও সরিয়ে দেয়া হয় তাকে। এরপর থেকেই রাজনীতিতে নিষ্ক্রীয় ছিলেন বিদিশা।
এমবি





