যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ঈদের পর বিএনপি সহিংস আন্দোলন করলে সরকার সমুচিত জবাব দেবে। তাদের আন্দোলন অহিংস হলে সরকারও অহিংস আচরণ করবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নির্মাণাধীন অক্সিজেন-হাটহাজারী সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন।

এবারের ঈদযাত্রায় সরকারের গৃহীত ব্যবস্থা নিয়ে যোগাযোগ মন্ত্রী সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন,পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে এবারই মানুষ তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে।

যোগাযোগ মন্ত্রী বলেন,আগামী রমজানের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণের কাজ শেষ হবে। বৃষ্টির কারণে চার লেইনের কাজে কিছুটা সমস্যা হয়েছে। তবে আগামী রোজার ঈদের আগে কাজ পুরোপুরি শেষ হবে।

এছাড়া অক্সিজেন-হাটহাজারী সড়কের কাজ চলতি অর্থবছরের মধ্যে শেষ হবে বলেও জানান যোগাযোগ মন্ত্রী।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর