রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে সেখানে থাকা কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেছেন। এতে অন্তত ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে মিরপুর পুলিশ। তবে বাবলা নামের একজনের আঘাত মারাত্মক। হামলায় আহত বাবলার মাথা ফেটে রক্ত পড়ছিল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে কাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি দিয়েছে। হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের মহানগরের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

মিরপুর ১ নম্বর গোল চত্বরে সকাল থেকেই ওই এলাকার নেতা-কর্মীরা হরতালবিরোধী কর্মসূচি পালন করছিলেন। সেখানে অবস্থান কর্মসূচিও ছিল তাঁদের। হরতালবিরোধী মিছিল শুরু হলে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে মোটরসাইকেলে আসা অপর একটি পক্ষ মিছিলে হামলা চালায়।তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও এই ঘটনায় কয়েকজন আহত হন।

পরবর্তীতে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ শেষে শাহআলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মিরপুর ১ নম্বরের দিকে যাচ্ছিল। এসময় শাহআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মোল্লার নেতৃত্বে একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনার কিছুক্ষণ পর যুবলীগের আশপাশ এলাকার নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জড়ো হয়ে কাশেম মোল্লার গ্রুপের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় কাশেম গ্রুপের লোকজন মফিজ গ্রুপের নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে বাংলা কলেজের ছাত্রলীগের মনির, আলামিন ও জাকিরসহ গুলিবিদ্ধ ১৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, শাহআলী মার্কেটসহ আশপাশের দোকান পাট বন্ধ রয়েছে।

মিরপুর থানার পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুপুরের দিকে সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো অবস্থান করছেন। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এআই