কারাগারে বন্দি বিএনপির নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে কিন্তু সরকার তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
কারাগারে বিনা চিকিৎসায় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আগে রিপন এ মন্তব্য করেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নানসহ সকল নেতাকর্মীর আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আসাদজ্জামান রিপন বলেন, ‘কারাগারে আটক নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় দিন-রাত কাটাচ্ছে। তারা খুব অসুবিধায় আছে। সরকারকে আমরা বারবার বলছি। আমাদের নেতাকর্মীরা কারাগারে খুবই অসুস্থ। কিন্তু সরকার আমাদের কথা বিশ্বাস করছে না।
তিনি বলেন, ‘আমি সরকারকে বলতে চাই, বিএনপি মিথ্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নেতাকর্মীরা প্রকৃতপক্ষেই কারাগারে অসুস্থ। বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় প্রমাণ।’
এরপর খত্মে শেফা ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এমএ মালেক।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এমএইচ





