বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হুশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১৪ দলকে সাথে নিয়ে আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। ওই দিনটি আমাদের, সেই দিন কেউকে মাঠে নামতে দিব না। মাঠ থাকবে আমাদের দখলে।

শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর ১৪ দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে এ বৈঠকর আয়োজন করা হয়।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, দয়া করে ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না। সংঘাতের পরিস্থিতি তৈরী করবেন না। কোন ধরনের সংঘাত হলে তার দ্বায়ভার বিএনপির উপর বর্তাবে। প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। কোন নাশকতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নিবে।

গত ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের সমালোচনা করে কামরুল বলেন, ওই দিন খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন, প্রকৃত পক্ষে তিনি এই নরম সুরে কথা বলেন না। তার এ বক্তব্য একটা আইওয়াস ছাড়া কিছুই নয়।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা পুত্র অনেক অন্যায় করেছে। ছেলের পক্ষ থেকে মা ক্ষমা চাইলে বাংলার জনগণ ক্ষমা করে দিতে পারে। তাহলে তাদেরকে সভা সমাবেশও করতে দিতে পারে। না হলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মায়া বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ১১৬ টি পয়েন্ট ঢাকা বাসীর অবস্থান থাকবে। আপনারা মাঠে নামবেন কিভাবে? কোন দফা-টফা দিয়ে কাজ হবে না। দফা একটা আপনি ভালো হয়ে যান। আপনি হলেন জঙ্গিবাদ জামায়াতের আমির। এ ছাড়া আপনার কোন অস্থিত নেই।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ নগর ১৪ দলের নেতৃবৃন্দ।

এমআর/ এআর