বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে থাকা পাপিয়া, প্রাক্তন সাংসদ আসিফা আশরাফী পাপিয়া, রেহেনা আক্তার রানু ও নিলুফার ইয়াসমীন মনি মঙ্গলবার মধ্যরাতে লাপাত্তা। রিজভীর পর এবার পুলিশের চোখ ফাঁকি দিলেন তারা। তারা গুলশানের এ কার্যালয়ে তিন দিন ধরে ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গুলশান কার্যালয়ের বাউন্ডারি দেয়াল টপকে বের হয়ে যান পাপিয়া। এ সময় তার সঙ্গে বিএনপির আরো দুই প্রাক্তন সাংসদ রেহেনা আক্তার রানু ও নিলুফার ইয়াসমীন মনিও সেখান থেকে বের হতে সক্ষম হন।

এদিকে কার্যালয় ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তাবেষ্টনী সত্ত্বেও তিন নেত্রী কীভাবে বের হলেন, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আগের তুলনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই ওই তিন নেত্রী কার্যালয় থেকে বের হয়ে যান। কিন্তু এ ক্ষেত্রে তারা পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে তারা বের হলেন, তা বলতে রাজি হয়নি ওই সূত্র।

বুধবার সকালে কয়েকজন পুলিশ সদস্যকে নিজেদের মধ্যে এ বিষয়ে আলাপ করতে দেখা গেছে।

এএইচ