আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন কিছু ফসিল আমলা এবং দক্ষ মন্ত্রী দিয়ে সাময়িকভাবে রাষ্ট্রপরিচালনা করা যায়। তবে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপরিচালনা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হলো দল।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও খুব বেশী দেরি হয়ে যায়নি। দলকে গোছানোর দায়িত্ব আপনার (সরকার)। তাই যত তাড়াতাড়ি সম্ভব দলকে গোছানোর ব্যবস্থা নিন।

সুরঞ্জিত বলেন, সরকার যতই শক্তিশালী হোক, তার মূল চালিকা শক্তি হলো  সংগঠন। আমাদের তরুণ নেতা সজীব ওয়াজেদ জয় সংগঠনের দিকে মনোযোগ দিয়েছেন। তার এই উদ্যোগ সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দু:খ আমরা বুঝি। আপনারা ভুল করে ফেলেছেন। তার খেশারত এখন দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও সংসদে বলেছেন দেশে যা কিছু পরিবর্তন হবে সবই সাংবিধানিকভাবে হবে। অপেক্ষা করুন সময় আপনাদেরও আসবে।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

ঢাকা, এমআর, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এএইচ