২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা পুরুষ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালিত না হওয়া দুর্ভাগ্যজনক।

স্বাধীনতার পরপরই মওলানা হুশিয়ার করে দিয়েছিলেন পিন্ডির পরিবর্তে দিল্লীর গোলামী করার জন্য জাতি স্বাধীনতা সংগ্রাম করে নাই। ভাসানীর মত নেতা নেই বলেই দেশ আজ দিল্লীর করদ রাজ্য। তাদের ইচ্ছায় ভোট ছাড়াই সরকার গঠন হয়।

তিনি বলেন, নীরব গণজাগরণ শুরু হয়েছে। স্বাধীনচেতা মানুষকে ভোটারবিহীন গোলাম বানিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধু বন্দী হলেও স্বাধীনতা সংগ্রাম রুখা যায় নাই। কোন নেতা ছাড়াই ৭ নভেম্বর সিপাহী-জনতার গণঅভ্যুত্থান ঘটেছিল। হয় গ্রহণযোগ্য নির্বাচন দিন নতুবা গণঅভ্যুত্থান অনিবার্য। বেগম খালেদা জিয়াকে ভয় দেখিয়ে অথবা জেল-জুলুম চালিয়ে এ গণঅভ্যুত্থান রুখা যাবে না।

আজ সকাল ১১টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে মওলানা ভাসানীর ৪০তম ওফাত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, আওলাদ হোসেন শিল্পী, শেখ জামাল উদ্দিন, আব্দুস সালাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, নগর জাগপা নেতা আজিজুর রহমান স্বপন, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ সভাপতি মাহিদুর রহমান বাবলা, নগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, প্রচার সম্পাদক আবু নাঈম প্রমুখ।

নাজিব