বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ মন্তব্য করে বলেছেন, যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে সে গণতন্ত্র দরকার নেই

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-সহিংসতা বন্ধের দাবিতে ও গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়তুল উলামা।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে সে গণতন্ত্র আমাদের দরকার নেই। মনে রাখতে হবে গণতন্ত্রের জন্য মানুষ নয়, বরং মানুষের জন্যই গণতন্ত্র। দেশের এমন অবস্থায় আমরা সাধারণ মানুষ উপায়হীন হয়ে পড়েছি।’

এ সময় বার্ন ইউনিটে অসহায় মানুষের আহাজারী দেশের নেতা-নেত্রীরা শুনতে পায় কি না সে ব্যাপারে প্রশ্ন রাখেন তিনি।

মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মুস্তাক ভাসানী একাত্বতা ঘোষণা করে বলেন, ‘সমগ্র দেশবাসী বারবার বলছে আমরা হরতাল-অবরোধ চাই না। তাই আমরা দাবি জানাচ্ছি, দ্রুত আইন করে হরতাল-অবরোধ বন্ধের ব্যবস্থা করুন।’

এ সময় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্যও সরকারের কাছে আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সিরাজী, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

এমকে