বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার একটি নাশকতা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ।
আজ (সোমবার) পুলিশ তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায়।
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপের মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়া’সহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) ওই মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করেছে তারাই খালেদা জিয়াকে কারাগারে রাখতে বাধ্য করছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের সাথে সরকার যোগসাজশ করেছে বলেও মন্তব্য করেন খোকন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর মাধ্যমে সরকার নিজেদের পতনের আগে বিএনপিকে মরণ কামড় দিতে চাইছে। তবে এসব মামলায় দ্রুতই জামিন পাবেন এবং নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন রিজভী।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এরপর রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনের মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
বর্তমানে ওই কারাগারে আর কোনও বন্দি নেই। ২০১৬ সালের ২৯ জুলাই ভোর সাড়ে ৬টার থেকে শুরু করে সারাদিন রাজধানীর নাজিম উদ্দিন রোড থেকে সাড়ে ছয় হাজার বন্দিকে কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগার বন্দিশূন্য ছিল।
দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এর আগে একবার কারাগারে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তখন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল তাকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।
এমবি





