দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং ফাজিল ও কামিল মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে সরকারের শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়কে অন্যায় ও অবৈধ নির্দেশ প্রদান করেছেন বলে পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন , “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি বৈধ ও আইনানুগ ছাত্রী সংগঠন। দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় এ সংগঠনের কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়কে যে নির্দেশ প্রদান করেছেন তা সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার এবং কর্তৃত্ব বহির্ভূত। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বেআইনী এবং হাস্যকর।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি ইসলামী আদর্শবাদী ছাত্রীদের সংগঠন। এ সংগঠনটি ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর যাবত এ দেশের ছাত্রী সমাজের মধ্যে পবিত্র কুরআন-হাদীসের দাওয়াত দিয়ে তাদের সঠিক ইসলামী জ্ঞানে সমৃদ্ধ করে আল্লাহ ও তার রাসূলের (সা.) পথে জীবন পরিচালনার জন্য ছাত্রী সমাজকে উদ্বুদ্ধ করছে। তারা ছাত্রীদের মধ্যে কুরআন-সুন্নাহর শিক্ষা সম্প্রসারিত করে তাদের কুরআন ও সুন্নাহার আলোকে চরিত্রগঠন করে আদর্শবান নারী হিসেবে গড়ে তুলছে।

ছাত্রীদের কুরআন-হাদীসের জ্ঞানে সমৃদ্ধ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির ব্যাপারে সহায়তা করছে। এ সংগঠনটি দেশের আইন ও সংবিধান মেনেই ইসলামের পক্ষে কাজ করছে। দেশের আইন ও সংবিধান পরিপন্থী কোন কর্মকান্ডে তারা কখনো জড়িত ছিল না এবং এখনও নেই। জঙ্গীবাদের সাথে তাদের দূরতম কোন সম্পর্কও নেই। মিথ্যা অজুহাতে সরকার ইসলামী ছাত্রী সংস্থার কাজ বন্ধের অন্যায় নির্দেশ প্রদান করেছে। সরকারের এ অন্যায় নির্দেশ শুনে দেশের ছাত্রী সমাজ এবং তাদের অভিভাবকবৃন্দ উদ্বিগ্ন ও মর্মাহত।

নৈতিক অধঃপতন থেকে ছাত্রী সমাজকে রক্ষা করার জন্য ছাত্রী সংস্থা জন্মলগ্ন থেকেই কাজ করছে। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কোন অভিযোগ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি।

শতকরা ৯০% ভাগ মুসলমানের এ দেশে যেখানে সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” ও “রাষ্ট্র ধর্ম ইসলাম” বিদ্যমান সেখানে ইসলামী ছাত্রী সংস্থার মত একটি ইসলামী আদর্শবাদী সংগঠনের কার্যক্রম বন্ধের নির্দেশ সম্পূর্ণ দেশের আইন ও সংবিধান পরিপন্থী। সরকারের এ অন্যায় নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

কোন ছলছুতায় বৈধ সংগঠনের বিরুদ্ধে অগণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকলে দেশে জঙ্গিবাদ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।

তাই জাতীয় স্বার্থেই সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

এআই