ক্ষমতাসীন আওয়ামী লীগকে লক্ষ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ বলেছেন, 'ধর্মের কল বাতাসে নড়ে সুতরাং বাড়াবাড়ির চেষ্টা করবেন না।'

শনিবার রাজধানীর ফটো জার্নালিস্ট মিলনায়তনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত শহীদ জিয়া ও জাতীয় ঐক্যের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হান্নান শাহ বলেন, কাচের ঘরে বসে ঢিল মারার চেষ্টা করবেন না। ইহুদী কানেকশনের প্রশ্ন তুলে বিএনপি ও ২০ দলীয় জোটকে টার্গেট করার চক্রান্ত করছেন? এখন পত্র-পত্রিকার খবর আসতে শুরু করেছে কথিত মোসাদের গুপ্তচর মেন্দি এন সাফাদির সাথে ওয়াশিংটনে কাদের বৈঠক হয়েছে?

তিনি বলেন, সাফাদি নিজেই বলেছে বাংলাদেশের প্রভাবশালী একজন সরকারি কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়ের সাথেও তার বৈঠক হয়েছে। ‘ধর্মের কল বাতাসে নড়ে’ সুতরাং বাড়াবাড়ির চেষ্টা করবেন না।

হান্নান শাহ আরো বলেন, শহীদ জিয়া যথার্থই বুঝেছিলেন সার্বিক জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুকির মধ্যে থাকবে। এ জন্যেই জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বাত্মক জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। বর্তমান সংকট মোকাবেলায় শহীদ জিয়ার পথেই আমাদের হাঁটতে হবে।

২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, একের পর এক মামলা দিয়ে জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে নতজানু করা যাবে না। তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। বিদেশে খালেদা জিয়ার বন্ধু আছে-প্রভু নাই। আর জালিমশাহীর বিদেশে প্রভু আছে-বন্ধু নাই।

তিনি আরো বলেন, দিল্লী সংকট তৈরী করে নেপালের মত বাংলাদেশকেও পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায়। এখন শহীদ জিয়ার জাতীয় ঐক্যের রাজনীতিই একমাত্র মুক্তির পথ। বিভক্তি নয় জনগণের ঐক্য গড়েই আধিপত্যবাদ ও তাদের এজেন্টদের মোকাবেলা করতে হবে।

নগর জাগপা সভাপতি আসাদুর রহমান খান এর সভাপতিত্বে ও আরিফ হোসেন ফিরোজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোঃ আনাস, সৈয়দ শফিকুল ইসলাম, নগর বিএনপি নেতা আবুল বাশার, নগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, যুবনেতা আলহাজ্ব ফায়জুর রহমান, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রুবেল, জাগপা নেতা মোঃ কামাল হোসেন, হোসেন মোবারক, এনায়েত আহমেদ হালিম, আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।

এমআইএস