আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গণতান্ত্রিক শক্তির সাথে উগ্র সাম্প্রদায়িক শক্তির কখনো কোন ঐক্য হতে পারে না।
বিএনপি বাহাত্তরের সংবিধান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে সম্মান করলেই কেবল তাদের সাথে ঐক্য হতে পারে।
শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘বেগম খালেদা জিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, পৌরসভা নির্বাচন ও বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করবেন আবার রাজনীতি করবেন সেটা হতে পারে না। কেননা এ ধরনের মন্তব্যের অর্থ হলো মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।
তিনি বলেন, বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করেছে ভালো কথা। তবে নির্বাচনে অংশ গ্রহণের সাথে রাজধানীর মিরপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও রাজশাহীর বাগমারায় আহমাদিয়া সম্প্রদায়ের মসজিদে হামলার দায় বেগম জিয়াকে গ্রহণ করতে হবে।
জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আকতারুজ্জামান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্ত।
এসএইচ





