স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকী এবং মগবাজারের ৩ খুনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।
শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আমরা নগরবাসী আয়োজিত এক গোলটেবিল অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। এগুলো নিয়ে চিন্তিত ও উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, কিছুক্ষণ আগে ফারুকী হত্যায় একজনকে আটক করা হয়েছে। হত্যার মোটিভ নিয়ে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রী বলেন, মগবাজারের ঘটনা এক সন্ত্রাসী হঠাৎ করে ঘটিয়ে চলে গেছে। তাকে যেকোনো সময় গ্রেফতার করা হবে।
সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান গোলটেবিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বুধবার রাতে রাজধানীর রাজাবাজার নিজ বাসায় খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। এর পরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৮নং সোনালীবাগের এক বাসায় চাঁদা না পেয়ে নারীসহ ৩ জনকে গুলি করে সন্ত্রাসীরা।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





