বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন লন্ডন যাচ্ছেন না তা জানার অপেক্ষায় আছেন আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় এই মন্তব্য করেন নেতারা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে তা একটি মানবতাবিরোধী অপরাধ। ইতিহাসকে কালিমামুক্ত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এই হত্যাকাণ্ডে কলকাঠি নাড়িয়েছেন ও মদদ দিয়েছেন এদেশে তাদেরও বিচার হবে।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ভুয়া ৪টি জন্মদিন পালন করেন। এটি বিশ্বের অন্য কোনো দেশে হলে তার বিরুদ্ধে জালিয়াতির দায়ে ফৌজদারি মামলা হতো।

এখন আমরা অপেক্ষায় আছি তিনি আগামীকাল ১৫ আগস্ট কি করেন। তিনি কি গত দিনে ভুয়া জন্মদিন পালন করার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন, না তার গর্বিত কাজটি করবেন। এ জন্য আমরা অপেক্ষায় আছি।

তিনি আরো বলেন, আমরা জানি না খালেদা জিয়া কি জন্য লন্ডন যাওয়া বাতিল করেছেন। তিনি কি ভিসা পাননি। এটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তিনি (খালেদা) তার পুত্র তারেক রহমানের সঙ্গে নতুন ষড়যন্ত্র করার জন্যই লন্ডনে যেতে চাইছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার আবারও ষড়যন্ত্র করছে।

আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকী এবার আমরা সার্বজনীনভাবে পালন করছি। কিন্তু এই শোক দিবসে প্রতিবছর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন। তার আজকে লন্ডন যাবার কথা ছিল।

কিন্তু দেখলাম তিনি নাকি লন্ডন যাবেন না। কেন যাবেন না তা জানি না। তিনি কি ভিসা পাননি না অন্য কোনো কারণে। আসলে তিনি লন্ডন যেতে চান তার পুত্র তারেক রহমানের সঙ্গে নতুন কি ষড়যন্ত্র করা যায় সে বিষয়ে আলোচনা করতে।

সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এটি এম শামসুজ্জামান, ড. ইনামুল হক, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এমকে