বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ম শাহাদাতবার্ষিকী ৩০ মে শনিবার। এই উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমানের সমাধিস্থলে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগেআয়োজিত সেখানে কোরআনখানী ও মিলাদ মাহফিলে অংশ নিবেন তিনি।
এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার দুপুরে বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার সকাল ৬টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যান্য কর্মসূচির পাশাপাশি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।
এমএইচ





