২০ দলীয় জোট ঘোষিত গণঅবরোধ ও হরতালসহ সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এ আহবান জানান।
বিবৃতিতে তিনে বলেন, "দেশের জনগণের ওপর স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন চরম আকার ধারণ করেছে। সরকার স্বৈরশাসন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। দেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মীর মুক্তির দাবীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। জনগণের আন্দোলনে দিশেহারা হয়ে সরকার আন্দোলন দমনের জন্য গণগ্রেফতার, হত্যা, গুম, অপহরণসহ নানা অপকর্মে মেতে উঠেছে।"
তিনি অভিযোগ করে বলেন, "সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসী বাহিনী গ্রামে-গঞ্জে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটতরাজ করে তাদের সর্বস্বান্ত করে দিচ্ছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে আতঙ্কিত করছে। দেশের আইন ও মানবাধিকার লঙ্ঘন করে জুলুম-নির্যাতন চালিয়ে সরকার বিরোধীদলীয় জোটের আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছে। জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কখনো দমন করা যাবে না।"
"সরকার গণআন্দোলন দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আজও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুই শত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছে ইসলামী ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সেক্রেটারী শেখ মুহাম্মাদ এনামুল কবীর। জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ও গণগ্রেফতার অভিযান চালিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কখনো দমন করা যায় না।"
"তাই ২০ দলীয় জোটের ঘোষিত দেশব্যাপী গণঅবরোধ ও হরতালসহ সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিয়ে স্বৈরাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আমি দেশের সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
জেডআই





