গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিকে ভিত্তিহীন দাবী করে বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে প্রেরিত দলটির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়- বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে ‘বিএনপি চেয়ারপারসনের সাথে সরকারি কর্মকর্তাদের গুলশান কার্যালয়ে রূদ্ধদ্বার বৈঠক চলছে’। এ খবরটি আদৌ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এ সংবাদটি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার কোনো সত্যতা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ সংবাদ প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের মিথ্যা খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণ ও গণমাধ্যমকে এধরণের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এমএইচ