উৎসবমুখর পরিবেশে পঞ্চম ও শেষ দিনের মতো চলছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ।
আজ (১৬ নভেম্বর) শুক্রবার সকালে দেখা যায়, সারা দেশ থেকে আসা নেতাদের বেশিরভাগই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। শেষ দিনে ফরম কিনেছেনও বেশ কয়েকজন নেতা।
ধানের শীষ হাতে নিয়ে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারী ও জমা দিতে আসা নেতাদের কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন।
আজ শুক্রবার হওয়ায় রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর জনসমাগমে নয়াপল্টনে কোনো যানজটও দেখা দেয়নি। শান্তিপূর্ণভাবে চলছে মনোনয়ন ফরম কেনা ও জমাদানের শেষ দিনের পর্ব।
সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকেই জমা নেওয়া শুরু হয় এবং ১০টা নাগাদ অর্ধশতাধিক মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানা গেছে। বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলার কথা রয়েছে।
তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, সময় কিছুটা বাড়ানো হতে পারে। আজ রাত নাগাদ এটি চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমবি





