বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,রক্ত দিয়ে আনা এ বাংলাদেশ আমরা রক্ত দিয়েই গড়ব। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবে না। আপনি ভালো হয়ে যান। এ দেশে থাকতে হলে আপনাকে ভালো হতে হবে। নইলে এ দেশ ছেড়ে পাকিস্থানে চলে যান।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন,অচিরেই খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ দেশের জনগণ তার বিচার সুনিশ্চিত করবে।

সমাবেশে শ্রমিকদের উদ্দেশে আনিসুল হক বলেন,আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ছিল ১৮০০ টাকা। বর্তমান সরকার মালিকদের সঙ্গে আলোচনা করে এটাকে ৫৩০০ তে উত্তীর্ণ করেছে। এখন নারী শ্রমিক মাতৃত্বকালীন ভাতা পায়। শ্রমিকদের কল্যাণে ফান্ড করা হয়েছে।

তিনি আরো বলেন,শেখ হাসিনা বাংলার জনগণের অধিকার রক্ষা করছেন, আইনের শাসন সুদৃঢ় করেছেন। আপনরা সবাই পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করবেন। তাহলে এ দেশ এগিয়ে যাবেই।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া প্রমুখ।

এআর