টাঙ্গাইলের কালিহাতিতে ৩জন নিহত হওয়ার ঘটনাকে ‘পুলিশের বাড়াবাড়ি’ অভিহিত করে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মায়ের সামনে ছেলে বা ছেলের সামনে মায়ের ওপর নির্যাতন হলে মানুষ প্রতিবাদ জানাবে, সেটা স্বাভাবিক।  কিন্তু প্রতিবাদ দমন করতে সরকার যে সহিংস আচরণ করেছে তা আইনপ্রয়োগকারী সংস্থার বাড়াবাড়ি। তিনজন মানুষ পাখির মতো পড়ে থাকলো। এখন পাখির চেয়ে মানুষের মূল্য কম।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবী করেন। 

দেশের ‘নৈরাজ্যকর পরিস্থিতির’জন্য কালিহাতির মতো এমন ঘটনা অন্যান্য অঞ্চলেও ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রিপন।

তিনি বলেন মেডিক্যালে পরীক্ষায় প্রশ্নপত্র ফঁসের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিএনপি এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানায়। সরকারের উচিত আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া।

শিক্ষা ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারছে না। প্রাথমিক থেকে মেডিক্যাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সরকার শিক্ষায় সঠিক ব্যবস্থাপনা রাখতে পারছে না। শুধু শিক্ষা নয়, প্রতিটি মন্ত্রণালয়ে তাদের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

উন্নত দেশ হলে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের করা আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতো বলেও মনে করেন রিপন।

জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেই কোনো বিষয়ই আমলে নেওয়া হয় না বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, মেডিক্যাল শিক্ষার্থীদের অভিযোগ, একটি চক্র প্রশ্নপত্র ফাঁস করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। সরকারের উচিত ছিলো আইপি দেখে কোন আইডি থেকে এই কাজ হয়েছে তা খুঁজে বের করা।

শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে আসাদুজ্জামান রিপন বলেন, দেশে সুশাসনের অভাব থাকলে এই ধরনের পরিস্থিতি হয়। বিশ্বের সেরা ২ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকার বিষয়টিও উল্লেখ করে এতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ঈদুল আজহার পশু নিয়ে সরকারের ছাত্র ও যুব সংগঠন লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে-এমন অভিযোগ করে আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্রলীগ-যুবলীগকে দেশের সব পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। সব জায়গায় লুটপাট চালাচ্ছে। ঈদ উপলক্ষে তাদের লুটপাট থামবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু লুটপাট আরো বেড়েছে। এখন পশু ছিনতাই হচ্ছে। বেআইনিভাবে তারা পশু ব্যবসায়ীদের আইনের প্রয়োগ দেখাচ্ছে।

সরকারি দলের লোকজনের চাঁদাবাজিতে এবারের ঈদে পশুর দাম বেড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে বলেও মনে করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে  বিএনপি নেতাদের মধ্যে খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ