বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। পরে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে তাকে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারের সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলায় আরও তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদেরকেও আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, বুধবার বকশীবাজারে বিশেষ আদালতে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহবাগ ও চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।

মামলা দুটিতে পুলিশের কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এমকে