একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপত্র ফরম কিনেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

আজ (১৩ নভেম্বর)মঙ্গলবার ১২টার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল বলেন, আমি ঢাকা-১৪ আসন থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছি। আশা করি, তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয় শতভাগ নিশ্চিত। যদিও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। তারপরও জনগণ ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের এ অপশাসন ও অত্যাচারের জবাব দেবে।

এর আগে, সোমবার সকাল ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ৩ টি ফরম কেনার মধ্যে দিয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয় বিএনপির। এরপর প্রথমদিন তাদের মনোনয়ন ফরম বিক্রি হয় এক হাজার ৩২৬টি।

আজ চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম। আর নির্বাচন পেছানোর কারণে তাদের এ মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে শুক্রবার (১৬ নভেম্বর) পর্যন্ত।

এমবি