বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। সরকার সম্পূর্ন অবৈধ ভাবে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। বাকীগুলো ডিসিদের দিয়ে বন্ধ করার ষড়যন্ত্র করছে। আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে আসলেও সেটি কত দিন বহাল থাকবে তা জানি না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘গণ-মাধ্যমের স্বাধীনতা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ষড়যন্ত্র করে ঢাকাকে দুই ভাগ করেছিল জনগণের মতামত না নিয়ে। অথচ এখনও পর্যাপ্ত সেবা পাচ্ছেনা ঢাকা বাসী। সরকার বুঝতে পেরেছে ঢাকা সিটি র্কপেরোশনে নির্বাচন দিলে তারা জয় লাভ করতে পারবে না। তাই তারা নির্বাচন দিচ্ছে না। এজন্যই নগরবাসী সেবা থেকে বঞ্চিত। ট্যাক্স দিয়েও ঢাকাবাসী পর্যাপ্ত সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না। নির্বাচনের নামে প্রতারনা করে ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করেছে। বাকীগুলো নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নিয়েছে। এটাকে নির্বাচন বলা যায় না। এটা সংবিধান পরিপন্থী।
এসময় তিনি সবদলের অংশগ্রহনে সুষ্ঠ নির্বাচন হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না, বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হতেন বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা শেয়ার বাজার, হলমার্ক, ব্যসিক ব্যাংক দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করছে। এর কোন বিচার নেই। জনগণ জানতে চায় কারা এই টাকা পাচাঁর করেছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। সরকারের তল্পিবাহক সংবাদপত্রের স্বাধীনতা আছে। বিরোধীমতের সংবাদ পত্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধীমতের সংবাদ পত্রে সরকারি কোন বিজ্ঞাপন দেওয়া হয় না।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এনএস





