সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেছেন, সরকার চায় ৫ জানুয়ারির নির্বাচনের মত সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করুক। তারা মামলার ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু সরকার বিএনপিকে কোন ক্যানভাস করার সুযোগ দিচ্ছে না।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্দোলন করছি মানুষের গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য। দেশে এখন গণতন্ত্রের ছিটেফোটাও নেই। দেশের মানুষের ভোটের অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষকে গুম, খুন, হত্যা করা এ সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গাজী বলেন, ৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশে যে সংকটের সৃষ্টি করেছে সেটা তাকেই দূর করতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, এ সরকারের ফ্যাসিবাদী আচরণ মিডিয়ার উপর জেকে বসেছে, মানুষের উপর ঝেঁকে বসেছে। আমরা পেশাজীবীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করছি। এটি যিনি উসকে দিয়েছেন, তিনি শেখ হাসিনা।
সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি একেএম আজিজুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- সালাহউদ্দিনকে নাকি ময়লার বস্তায় করে ফেলে দেয়া হয়েছে। এই যদি হয় একটি দেশের সরকার প্রধানের বক্তব্য সেখানে আর আমাদের কি বলার থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বিজিএফ এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
এমএ/ এআর





