জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

আজ সোমবার সকাল ৮টার দিকে শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ ও শাখা সভাপতি শাফিউল আলমের নেতৃত্বে মিছিলটি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে স্বামীবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতা মু’তাসিম বিল্লাহ বলেন, সরকার একদিকে মানবিকতার কথা বলছে, আর অন্যদিকে নিজ দেশে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সরকার দেশে চরম মানবতাবিরোধী অপরাধ করছে। তারা সাত বছরের বেশী সময় ধরে জামায়াত-শিবিরকে স্বাভাবিক ও গণতান্ত্রিক কার্যক্রমও চালাতে দিচ্ছে না। অবরুদ্ধ করে রেখেছে জামায়াত-শিবিরের সকল কার্যালয়।

তিনি বলেন, দেশে বড় ধরনের সমস্যা থাকলেও সকলের সমন্বয়ে তা সমাধানের দিকে নজর না দিয়ে সরকার অন্যায়ভাবে জামায়াত নেতাদের গ্রেফতার করে আরো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা জামায়াতকে প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম চালাতেতো দিচ্ছেই না বরং ঘরোয়া কার্যক্রমে পুলিশ লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। গত শুক্রবারও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ঘরোয়া বৈঠকে হামলা চালিয়ে মহানগরী আমির ও সেক্রেটারিসহ ৮ জনকে আটক করে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য চড়াচ্ছে।

হুঁশিয়ারী উচ্চারণ করেশিবিরের এই নেতা বলেন, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বাংলার গণমানুষের সংগঠন। জামায়াত-শিবির ছাড়া বাংলাদেশ কল্পনা করা অসম্ভব। তাই অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। নইলে দেশপ্রেমিক জনতা আর ঘরে বসে থাকবে না।

মিছিলে অন্যান্যের মাঝে শাখা সেক্রেটারি মাসুম তারিফ, মজিবুর রহমান মন্জু, মাইনুর ইসলাম হিরাসহ মহানগরী ও থানা প্রর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

এমবি