পাকিস্তান আমাদেরকে গুলি করে মারতো আর বর্তমান সরকার অনির্বাচিত হওয়ায় ভারত এখন পানি না দিয়ে মারছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। মুক্তিযুদ্ধের সময়ে তাদের সহযোগিতার কারণে আমরা কৃতজ্ঞ। কিন্তু পানি নিয়ে তারা যা করছে এটি বন্ধু রাষ্ট্রের কাজ নয়।
পাকিস্তান আগে গুলি করে আমাদের মারতো, আর ভারত এখন পানি না দিয়ে আমাদের মারবে, সেটি তো মেনে নেওয়া যায় না।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘ভারতের পানি অগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’-শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। তিনি দাবি করে বলেন, দেশে দেশপ্রেমিক সরকার থাকলে ভারতের সাথে আলাপ-আলোচনা করে সমতার ভিত্তিতে পানিসহ সকল সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারতো।
কিন্তু আমাদের দেশে এখন যে সরকার আছে তারা নির্বাচিত নয়। সেজন্য জনগণের কাছেও তাদের কোনো জবাবদিহিতা নেই।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ফারাক্কা বাঁধের প্রভাবে বিরূপ পরিবেশের কারণে আমাদের নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে।
এর ফলে নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারছে না। অথচ আন্তর্জাতিক আইনে আছে, অভিন্ন নদীতে বাধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কিন্তু ভারত সেটা মানছে না।
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণির সভাপতিত্বে এবং মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এএসএম শামীম,এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন প্রমুখ।
এসএম





