তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রবিরোধী প্রচারণাসহ বিভিন্ন আপত্তিকর বিষয়বস্তু বন্ধ রেখে ইন্টারনেটের বিকাশ উন্মুক্ত করতে হবে। রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি টাওয়ারের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে শুক্রবার দুপুরে দুই দিনব্যাপী বিডিনগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহার প্রসারের পাশাপাশি এর নিরাপত্তার দিকে নজর দিতে হবে। সাইবার ক্রাইম বন্ধে আরও সচেতন হতে হবে। বাংলা ভাষার বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে হবে। ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণ কে করবে? কিভাবে এ সেবা মানুষের দারপ্রান্তে নিয়ে যাওয়া যায়? কিভাবে আপত্তিকর বিষয়বস্তু বন্ধ রাখা যায়? এ সব বিষয়ের সমাধান করতে হবে।’
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল তিন শতাংশ। আমরা পাঁচ বছরে তা বাড়িয়ে ২৪ শতাংশে উন্নীত করেছি। সরকারের পরিকল্পনা অনুসারে আগামী পাঁচ বছরের মধ্যে ৭৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী থাকবে।’
তিনি বলেন, ‘সারাদেশের ২০০ উপজেলায় অপটিক ফাইবার ক্যাবল স্থাপন করা হয়েছে। আশা করি বাকি উপজেলাগুলোতেও শিগগির অপটিক ফাইবার স্থাপনের কাজ সম্পন্ন হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন এপনিক ডিরেক্টর জেনারেল পল উইলসন, আইক্যান এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইউ-চুয়াং কোয়েক, এপনিক নির্বাহী কমিটির সদস্য গৌরজ রাজ উপাধ্যয়, বিডিনগ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাব্বির, বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান প্রমুখ।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]