আগামীকাল ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। দলীয় বিশেষ সূত্রে জানা গেছে সকাল ৮টায় সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল সাভারের স্মৃতিসৌধে যাবেন।
এই প্রতিনিধি দলে কে কে থাকবেন তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে সম্মান জানাতে যাবে এই প্রতিনিধি দল। জিয়াউর রহমানের মাজারে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ২৬ মার্চ সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ ছাড়া ওইদিন প্রত্যুষে সারাদেশে বিএনপির সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত রোববার বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
এমএইচ/ইআর





