দেশের বিচার বিভাগ সংবিধান অনুযায়ী স্বাধীন কিন্তু মানসম্মতভাবে স্বাধীন নয় মন্তব্য করে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ কারণে বিচার বিভাগ আজ অকেজো, এটার আমূল পরিবর্তন করতে হবে। যদি বিচার বিভাগ স্বাধীন না হতে পারে তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অগ্নিসেনা সংসদ আয়োজিত সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনের সংবর্ধনা এবং অবরুদ্ধ গণতন্ত্র ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগাম জামিনের ব্যাপারে যে রায় দেয়া হয়েছে তা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। অবশ্যই আগাম জামিনের ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করি প্রধান বিচারপতি তা মেনে নেবেন।’
‘আদালত বর্জনের মাধ্যমে এর প্রতিবাদ করতে হবে’ ব্যারিস্টার নাজমুল হুদার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আদালত বর্জন করে কোনো লাভ হবে না। তাতে জনগণের দুর্ভোগ বাড়বে। তবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বিচার বিভাগকে ন্যায় বিচার দিতে বাধ্য করব।’
সিনিয়র এ আইনজীবী আরও বলেন, ‘যদি দেশের মানুষ ও বিচারকগণ সহায়তা করেন তাহলে এ আন্দোলন বেগবান হবে।’
মাহবুব বলেন, ‘খালেদা নির্বাচনে না গিয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে গেলে পাতানো খেলায় পড়ে জনগণ চিরতরে গণতন্ত্র হারাতো।’
আলোচনা সভায় অগ্নিসেনা সংসদের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।  
[b]ঢাকা, এমএইচ, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম//এসআর[/b] [b]// জেআই[/b]