হত্যা, সন্ত্রাস, গুম, অপহরণ ও গণগ্রেফতার বন্ধ এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়ায় সরকারের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার দলটির পক্ষ থেকে এক প্রেসবার্তায় এ নিন্দা জানান দলের সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গণবিক্ষোভে বাধা দিয়ে সরকার সংবিধান লংঘন করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, বিক্ষোভ কর্মসূচিতে সরকার হামলা ও গুলি চালিয়ে, নেতা-কর্মীদের গ্রেফতার করে গণতন্ত্র, আইনের শাসন, নাগরিক ও মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে। এই সরকারের হাতে গণতন্ত্র, সংবিধান, মানবাধিকার ও মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।
প্রতিদিনই অন্যায়ভাবে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ সরকার তার প্রতিকার না করে উল্টো বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।
বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকা এবং ঠাকুরগাঁও, ফেনী, গাইবান্ধার সাদুল্যাপুর, রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ফেনীতে পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে।
[b]ঢাকা, ৪ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]