কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে সরকারের নেতৃত্বে দেশে কার্যত কোনো ঐক্য হয়নি।

কিন্তু সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্য গড়া দরকার। তবে এতে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ও বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করতে জড়িত গণবাহিনীর সাথে কোনো ঐক হবে না। আজ (শুক্রবার) মতিঝিলস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বঙ্গবীর।

দেশের বিরাজমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলের বৈঠকের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত জানাতে আজ (শুক্রবার) মতিঝিলস্থ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যু এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশানে বেগম জিয়ার বাসভবনে এই বৈঠক হয়।

এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী জানান, বৈঠকের এক পর্যায়ে তিনি একান্তে ১৫ মিনিট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছেন। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি কিছু প্রস্তাব রেখেছেন।

এসব প্রস্তাবের প্রতিক্রিয়া জানতে তিনি অপেক্ষা করবেন বলেও জানান। তবে এর পাশাপাশি বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসরিন সিদ্দিকীসহ দলের মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

এমবিএইচ