সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নিয়ে বিএনপিকে কোন বিশৃঙ্খলা না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১০ম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
তিনি বলেন, কোকোর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যথাযথা ব্যবস্থা নিয়েছে সরকার। এর পরেও যদি বিএনপি এ নিয়ে কোন ধরনের নোংরা রাজনীতি করে। তাহলে দেশের মানুষ তাদেরকে চিরদিনের জন্য রাজনীতি মাঠ থেকে বিদায় করে দিবে।
তিনি বলেন, খালেদা জিয়ার ডাকা অবরোধে দেশের বহু মা সন্তান হারিয়েছে। এ ব্যাথা খালেদা জিয়া এতদিন অনুভব করতে পারেননি। আমরা আশা করছি তার পুত্র বিয়োগের কষ্ট অনুভব করে তিনি এ অবরোধ তুলে নিয়ে দেশের মানুষকে মুক্তি দিবেন।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ অ্যাডভোকেট কামরুল, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এমআর/ এআর





