বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার পর বিজয় মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রায়ের পরপরই ইমরান এইচ সরকার ও কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে পৃথক বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিল শাহবাগ থেকে শুরু করে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে যে গতি হারিয়ে গিয়েছিল, এ রায়ের মধ্য দিয়ে তা আবার ফিরে এসেছে। এ রায়ে আমরা আনন্দিত হলেও সাঈদীর রায় নিয়ে ব্যথিত।’
এ সময় তিনি নিজামীর রায় কার্যকর ও সাঈদীর রায়ের রিভিউ পিটিশনের দাবি জানান।
পরবর্তী কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেই আমরা জাগরণ যাত্রার কর্মসূচির ঘোষণা দিয়েছি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেঁতুলিয়ার উদ্দেশে জাগরণ যাত্রা শুরু হবে। আমরা ১০ থেকে ১২টি জেলায় জাগরণ যাত্রা করব।’
গণজাগরন মঞ্চের একাংশের মুখপাত্র কামাল পাশা চৌধুরী বলেন, ‘এ রায় যেমন রাজপথে থেকে আমরা আদায় করেছি, ঠিক সেভাবেই রাজপথে থেকে বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় আদায় করতে হবে। এ রায়ের মধ্যদিয়ে কলঙ্ক মোচন শুরু হয়েছে। আমরা এখন গর্বে বুক উঁচু করে বাড়ি যেতে পারব।’
নিজামীর ফাঁসির রায়ের পর গণজাগরণ মঞ্চের পাশাপাশি অপরাজেয় বাংলা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), ছাত্রলীগ ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বেশকিছু সংগঠন বিজয় মিছিল বের করে।
এএইচ





