বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। আধিপত্যবাদ আজও ডানা বিস্তার করে রেখেছে। কারণ ৫ জানুয়ারীর তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী আধিপত্যবাদের শিখন্ডি উৎপীড়ক শাসকশ্রেণী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে।

১২ ডিসেম্বের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বানীতে তিনি এসব কথা বলেন।

তিনি ভাসানীর স্মৃতির  প্রতি  গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বাংলাদেশে সকল স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মরহুম মওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

খালেদা জিয়া আরও বলেন, রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শাসকগোষ্ঠীকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপোষহীন নেতৃত্বের ভূমিকায়।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভশীল দেশ ও সমাজ বিনির্মানে প্রেরণা ও উৎসাহ যোগাবে। তাঁর প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোন কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না।

এমএইচ/এএইচ