সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুদ্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী অনেক নেতা।

আর তারই ধারাবাহিকতায় রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় যুবলীগ নেতা খালেদ মাহমুদের ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র ক্যাসিনোতে অভিযানের পরেই যুবলীগের আরেক প্রভাবশালী ঠিকাদার নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের নিকেতনের অফিস ঘিরে রাখে র‌্যাব।

গত শুক্রবার ভোর থেকেই যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের নিকেতনের অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেত্বিতে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের তল্লাশির সময় একপর্যায়ে র‌্যাব এক কর্মকর্তাদের অভিযান ও তল্লাশি চালাতে না করেন জি কে শামীম। এসময় র‌্যাব কর্মকর্তাকে ১০ কোটি টাকা ঘুষ প্রস্তাব করেন তিনি। তবে প্রস্তাবে রাজি না হয়ে অভিযান চালায় র‌্যাব। জব্দ হয় নগদ টাকা, এফডিআরসহ মাদক ও অস্ত্র।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘জি কে শামীম তার অফিস-বাসায় অভিযান না চালাতে এবং গ্রেফতার এড়াতে আমাকে ১০ কোটি টাকার ঘুষ প্রস্তাব করেছিলেন। প্রস্তাব আমলে না নিয়ে আমরা জি কে শামীমের কার্যালয়ে অভিযান চালাই, তাকেসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করি।’

তিনি বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন। তিনি এখন ডিবি হেফাজতে।

শামীমকে রিমান্ডে নেয়ার আগে জিজ্ঞাসাবাদে করে র‌্যাব। দায়িত্বশীল সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে শামীম গণপূর্ত অধিদফতরের ২০ জন সাবেক সরকারি কর্মকর্তার নাম বলেছেন, যাদের মাসে ২-৫ লাখ টাকা দিতেন তিনি। এর বদলে তারা শামীমকে ঠিকাদারির কাজের টেন্ডার পেতে সাহায্য করতেন।

ঢাকার বাসাবো ও নিকেতনে তার অন্তত পাঁচটি বাড়ি রয়েছে। রাজধানীতে একাধিক ফ্ল্যাট আছে। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার বাড়ি রয়েছে। তার বাসাবো ও নিকেতনের বাড়ি দুটি খুবই অত্যাধুনিক। সেখানে গণপূর্তের যুগ্ম ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে সব ধরনের ব্যবসায়িক আলাপ ও লেনদেন করতেন। সেখানে সরকারি কর্মকর্তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও ছিল।

সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ যুবলীগ নেতা সরকারি বড় বড় প্রকল্পের কাজ বাগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দেয়ার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে শামীম জানায়, ঠিকাদারির কাজ পাইয়ে দিতে তিনি দুই কর্মকর্তাকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে জি কে শামীম আরও জানান, প্রতি টেন্ডারে ৮-১০ শতাংশ কমিশন দেয়া লাগত তার। অনেক সময় নির্দিষ্ট কমিশনের পরও ঘুষ দিতে হতো। পূর্ববর্তী ও ভবিষ্যতের কাজ পেতে এখন পর্যন্ত গণপূর্ত অধিদফতরের সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে তিনি ঘুষ হিসেবে এক হাজার ১০০ কোটি টাকা দেন। গণপূর্তের ঢাকা জোনের আরেক সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাইকেও ঘুষ দিয়েছেন ৪০০ কোটি টাকা- এমন দাবি করেন তিনি।

যেসব প্রকল্পে কাজ করছেন জি কে শামীম

শামীম বর্তমানে উত্তরার আশকোনায় প্রায় ৪৫০ কোটি টাকায় র‌্যাব সদর দফতর, ১৩ কোটি টাকায় পোড়াবাড়িতে র‌্যাব প্রশিক্ষণ কেন্দ্র, ৫০০ কোটি টাকায় আগারগাঁওয়ে রাজস্ব ভবন, ১৫০ কোটি টাকায় আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের নতুন ভবন, ৫০ কোটি টাকায় এনজিও ভবন, ১৫০ কোটি টাকায় নিউরোসায়েন্স হাসপাতাল, ১২ কোটি টাকায় পাবলিক সার্ভিস কমিশন, ৩০ কোটি টাকায় বিজ্ঞান জাদুঘর, ১৫০ কোটি টাকায় সচিবালয়ের সম্প্রসারিত ভবন, ১০ কোটি টাকায় বাসাবো বৌদ্ধ মন্দির, ১৫০ কোটি টাকায় হিল ট্র্যাক্টস ভবন ও ১৫০ কোটি টাকায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন করছে শামীমের প্রতিষ্ঠান। এছাড়াও ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, ল্যাবরেটরি মেডিসিন ভবন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও কেবিনেট ভবন নির্মাণসহ বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের কাজ পেতে মোটা অঙ্কের কমিশন দিয়েছেন শামীম। রূপপুরের কাজে ১০ শতাংশ কমিশন দিয়েছেন।

জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের বিষয়ে র‌্যাবের পরিচালক সারওয়ার-বিন-কাশেম জানান, ‘শামীমকে আমরা সীমিত সময়ে জিজ্ঞাসাবাদের জন্য পেয়েছিলাম। এই সীমিত সময়ে তিনি বলেছিলেন যে তিনি অসুস্থতা বোধ করছেন।’

বিপুল অর্থ, এফডিআর, নথি ও অস্ত্রসহ গ্রেপ্তার জি কে শামীম দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। ক্যাসিনো ডন খালেদ মাহমুদ ভূঁইয়ার গ্রেপ্তারের পর দিনই ঘনিষ্টজনদের সঙ্গে যোগাযোগ করে দেশ ছাড়ার সহযোগিতা চান শামীম।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিদেশ পাড়ি দিতে শামীম বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। কিন্তু আগে থেকেই তথ্য থাকায় তার ওপর নজরদারি ছিল র‌্যাবের। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন তা নজরে রাখছিল র‌্যাবের গোয়েন্দা টিম। র‌্যাব সূত্র জানায় বিদেশ যাওয়ার সুযোগ খুজতে শুক্রবারও তার কার্যালয় খোলা রেখেছিলেন। বিষয়টি টের পেয়ে ওই দিনই অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্র জানায় শামীম যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ বার্তা দেয়া ছিল। শামীম ছাড়াও তালিকায় থাকা আরও বেশ কয়েকজন নেতার নামও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেয়া হয়েছে। তাদের দেশত্যাগের বিষয়েও নজরদারি রয়েছে।

এএস