আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন তিনিই দলের নেতৃত্ব দিবেন। তবে, শেখ হাসিনা যেদিন থাকবেনা, সেদিনও আওয়ামী লীগ মরবে না।
আজ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তৃতাকালে তিনি এসব মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এটা কোন গতানুগতিক রাজনৈতিক দল নয়।
তিনি বলেন, পৃথিবীর কোন রাজনৈতিক দলের এত আত্মত্যাগের ইতিহাস নেই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যাকে করা হয়েছে, হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কাজ থেমে যায় নি।
সৈয়দ আশরাফ বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান আওয়ামী লীগ শক্তিশালী। পৃথিবীর কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে।
তিনি বলেন, দলের মধ্যে ঐক্য থাকলে আওয়ামী লীগ থাকবে। কেউ আওয়ামী লীগকে শেষ করে দিতে পারবে না।
উল্লেখ্য, আজ (শনিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া আওয়ামী লীগের ২দিনের ২০তম জাতীয় সম্মেলনে বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১০টি দেশের ৫৭জন রাজনৈতিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
এছাড়া, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন সম্মেলনে। প্রধান রাজনৈতিক বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাউকে এ পর্যন্ত সম্মেলনে দেখা না গেলেও বিএনপি থেকে বেরিয়ে যাওয়া নেতা ব্যারিস্টার নাজমূল হুদাকে অবশ্য সম্মেলনে দেখা গেছে।
কেবি





