বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা পৌর নির্বাচনে অধিকাংশ কেন্দ্র দখল করে নিলেও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে ২য় দফায় সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে  বেশিরভাগ পৌরসভায় বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়ে সিল মারছে। সাতকানিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা নুরুল আমিনকে হত্যা করেছে। এসময় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নির্বিকার দাড়িয়ে থাকতে দেখা গেছে।  

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র উদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু এই সরকার যে গণতন্ত্রে ন্যূনতম আস্থা ও বিশ্বাস রাখে না তা আবারও প্রমাণ করল। ভোটারবিহীন সরকার নিজেদের প্রার্থীদের কৃত্রিম বিজয়ী দেখানোর জন্যই তারা এসব করছে। এর আগেও তারা জনগণের ভোটের অধিকারকে ছিন্নভিন্ন করে দিয়েছে।

রিজভী বলেন, প্রশাসনের সহায়তায় সারাদেশে ভোট কেন্দ্র দখলের উৎসব চললেও গণতন্ত্রপ্রিয় জনতা অনেক এলাকায় এসবের প্রতিরোধ করছে। কিন্তু আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসব জনগণ ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। আমি আটককৃতদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করছি। একইসঙ্গে বাকি সময়টুকু প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি।

এমএইচ