‘বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন।

‘সাবেক বিরোধী দল বিএনপির ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা’ প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আন্দোলন করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘মানুষ সমর্থন করলে আন্দোলন হয়, না করলে কোনো আন্দোলন হয় না।’

বিষয়টি ব্যাখ্যা করে মুহিত বলেন, ‘এখন মানুষ ও স্টেকহোল্ডারের সংখ্যা এত বেড়েছে যে, সবাই এখন কর্মব্যস্ত। স্টেকহোল্ডাররা এখন নিজেদের স্বার্থেই কোনো আন্দোলনের পক্ষে সমর্থন দেবে না।’

আন্দোলন হলে অর্থনীতিতে এর প্রভাব প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব পড়বেই। যারা আন্দোলন করেন তারাও সেটা জানেন।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এবারের ঈদ খুব ভালো হয়েছে। আবহাওয়াও ভালো ছিল। এবারের ঈদে ব্যবসায়ীরাও খুব ভালো ব্যবসা করেছেন। ঈদের আগের রাতেও মার্কেটগুলোতে ছিল বেশ ভিড়। সুতরাং সকল শ্রেণী-পেশার মানুষেরই এবার ভালো ঈদ হয়েছে।’

অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঈদের শুভেচ্ছা জানান।

ঈদোত্তর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলমসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ